বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম দেলোয়ার হোসেন মারা গেছেন।জ্বরসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (৯-৪-২০) বেলা ১১টার দিকে বরগুনার আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, গত ৮-১০ দিন ধরে জি এম দেলোয়ার জ্বরসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান বলেন, জি এম দেলোয়ার সাহেব পটুয়াখালী হাসপাতালে ডাক্তার দেখিয়েছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তার টেস্ট রিপোর্ট দেয়ার জন্য বরগুনা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, মরহুম জিএম দেলোয়ার হোসেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার পরিবারসহ তার বাড়ি লকডাউন থাকবে। কারণ এই মুহূর্তে কোনো রকম ঝুঁকি নেয়া যাবে না।
আওয়ামী লীগ নেতা জিএম দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক সংসদ সদস্য জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, সাবেক সংসদ সদস্য মো. মতিয়ার রহমান তালুকদার, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর, দপ্তর সম্পাদক সুবল কৃষ্ণ তালুকদার, আমতলী উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মেয়র মতিয়ার রহমান প্রমূখ।
ইত্তেফাক/আরকেজি
