কর্নেল পরিচয়ে প্রার্থীদের কাছে চাঁদা দাবি, প্রতারক গ্রেফতার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২১:৪৩

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতারণার মাধ্যমে সংসদ সদস্য প্রার্থীদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টাকালে সেনাবাহিনীর কর্নেল পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-২। তার নাম মো. মাহবুবুর রহমান বাদশা ওরফে হাবীব। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব-২ জানায়, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে প্রতারণার উদ্দেশ্য বিভিন্ন সময় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর এবং কর্নেল পরিচয় দিয়ে প্রতারণা করেন। জিজ্ঞাসাবাদে তিনি আরো জানিয়েছেন, তার ব্যবহূত মোবাইল নম্বর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদ সদস্য প্রার্থীদের সেনাবাহিনী দিয়ে সকল প্রকার অবৈধ সুযোগ সুবিধা এবং নির্বাচনে জয়লাভের নিশ্চয়তাসহ আরো অনেক প্রলোভনের বিনিময়ে টাকা দাবি করেন এবং ম্যাসেজ দেন।

র্যাব-২ এর মেজর রুহুল আমিন বলেন, নিজেকে সেনাবাহিনীর কর্নেল পরিচয় দিয়ে আওয়ামী লীগসহ নির্বাচনে অংশগ্রহণ করা বিভিন্ন দলের কয়েকজন প্রার্থীর কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। আমাদের কাছে তিনজন প্রার্থী এমন অভিযোগ করলে বিষয়টির তদন্ত করে মাহবুবুরকে গ্রেফতার করা হয়। তবে কারো কাছ থেকে তিনি টাকা নিয়েছেন কি না তার লেনদেনের কোনো রেকর্ড পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে।