ঢাকা-১২ আসনে ‘কোদাল’ প্রতীকের প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি দেশের ভোটারদের উদ্দেশে বলেছেন, রবিবার সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। ভোট নাগরিকদের সম্মান ও মর্যাদার প্রতীক। এই মর্যাদা কেড়ে নিতে দেবেন না। সরকার আতঙ্ক-ভীতি আর গুজব ছড়িয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে একতরফা নির্বাচনের যে চেষ্টা চালাচ্ছে, তাদের সেই সাজানো ছকের একমাত্র জবাব হবে ভোটকেন্দ্রে জনগণের মুখর উপস্থিতি। ভয়মুক্ত বাংলাদেশ গড়তে ৩০ ডিসেম্বর বাংলাদেশের মানুষ সেই জনরায় প্রদান করবে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
জোনায়েদ সাকি আরও বলেন, গণমানুষের রায়ের মধ্য দিয়ে বৈধ একটি সরকার প্রতিষ্ঠা হয়। জনসম্মতিহীন সরকার দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে। জনগণের ভোট ছাড়া ক্ষমতায় আসলে জনগণের প্রতি কোনো দায়িত্বশীলতা বা জবাবদিহিতারও প্রয়োজন তার হয় না। জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই তাই ৩০ তারিখের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান অর্জন হতে পারে। এই ভোটাধিকার প্রতিষ্ঠার পথ ধরেই জনগণের আর সব অধিকার প্রতিষ্ঠিত হতে পারে।
