ফিটনেস পরীক্ষাও অনলাইনে!

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২০:৪৬

করোনা ভাইরাসের প্রকোপে থমকে আছে ক্রীড়াঙ্গন। তাও রক্ষা নেই পাকিস্তানি ক্রিকেটারদের। ফিটনেসের সঙ্গে কোনো আপস করতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরে বসেই তাই চুক্তিবদ্ধ ক্রিকেটাররা দিচ্ছেন ফিটনেস পরীক্ষা।

ঘরোয়া ও কেন্দ্রীয় চুক্তি মিলিয়ে পিসিবির চুক্তিতে আছেন দুইশর বেশি ক্রিকেটার। আগামী ২০ ও ২১ এপ্রিল এই ক্রিকেটাররা নিজেদের ফিটনেস পরীক্ষা দেবেন ভিডিওর মাধ্যমে।

চুক্তিবদ্ধ এই ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হওয়ার কথা ছিল গত ২৩ ও ২৪ মার্চ। কিন্তু কোভিড ১৯-এর প্রাদুর্ভাবে গত ১৫ মার্চ থেকে দেশটিতে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ আছে।

এই বিরতিতে ক্রিকেটাররা কীভাবে নিজেদের ফিটনেস ধরে রাখছেন কিংবা ঘরবন্দি সময় কীভাবে পার করছেন, তা পর্যবেক্ষণ করতেই এই উদ্যোগ নিয়েছে পিসিবি।

ফিটনেসের বাধ্যবাধকতা নিয়ে এই সপ্তাহে পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ উল হক ও ট্রেনার ইয়াসির মালিক ক্রিকেটারদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন।

প্রাদেশিক ছয়টি দলের ৩২ জন করে ক্রিকেটার আছেন চুক্তিতে। ভিডিওতে তাদের ফিটনেস পরখ করে দেখবেন নিজ নিজ দলের ট্রেনাররা।

ভিডিওতে ফিটনেসের প্রমাণ দিতে কী কী করতে হবে, সেটিও জানিয়ে দিয়েছে পিসিবি। এক মিনিটে ৬০টি পুশ-আপ, ১ মিনিটে ৬০টি সিট-আপ, এক দফায় পূর্ণ ১০ বার চিন-আপ এবং আরো কিছু পরীক্ষা নেওয়া হবে।

করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি হলে নিকট ভবিষ্যতের একটি পরিকল্পনাও করেছে বোর্ড। জুনের প্রথম সপ্তাহের দিকে প্রথাগত ফিটনেস পরীক্ষা নেওয়ার লক্ষ্য ঠিক করেছেন তারা।

পাকিস্তানের খেলোয়াড়রা বছর দুয়েক আগেও তাদের ফিটনেস নিয়ে সমালোচিত হয়েছেন। কিন্তু মিকি আর্থার কোচ হওয়ার পর মাঠের ক্রিকেটের থেকে খেলোয়াড়দের ফিটনেসে মনোযোগী হন। তাতে সুফল পেয়েছেন খেলোয়াড়রাই। সেই ধারা এখনো ধরে রেখেছেন মিসবাহ উল হক।