তিতাসে করোনা রোগী শনাক্ত, ৫ গ্রাম লকডাউন

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২১:১২

কুমিল্লার তিতাসে করোনা ভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি উপজেলার বিরামকান্দি গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ওই ব্যক্তি ও পরিবারের সদস্যদের সংস্পর্শে আসা ৫টি গ্রাম লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকাল ৫টায় রিপোর্ট পাওয়ার পর উপজেলা প্রশাসন রাত ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব গ্রাম লকডাউন করেন।

জানা যায়, গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল বিরামকান্দি ও কলাকান্দি থেকে দুটি নমুনা সংগ্রহ করে বুধবার ঢাকা প্রেরণ করেন। বৃহস্পতিবার বিকালে একটি নমুনা পজেটিভ ও অন্যটির নেগেটিভ রিপোর্ট আসে। 

এদিকে করোনা বহনকারী ব্যক্তির নিজ গ্রামে অবাধ চলাফেলা করায় বিরামকান্দি, মনাইরকান্দি ও গাজীপুর গ্রাম লকডাউন করা হয়। উক্ত ব্যক্তির তিন মেয়ে তার নানার বাড়িতে যাতায়াত করায় সাগরফেনা গ্রাম ও তার বোন তাকে দেখতে আসায় বোনের বাড়ি কাপাশকান্দিও লকডাউন করা হয়। এদিকে, আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া ডাক্তারের বাসস্থান দাউদকান্দির গৌরীপুর দক্ষিণ বাজারের কয়েকটি ভবনও লকডাউন করে দাউদকান্দি উপজেলা প্রশাসন। 

আরও পড়ুন: খাদ্যবান্ধব কর্মসূচির ৩ মেট্রিক টন চাল উদ্ধার

অপরদিকে, শুক্রবার সকালে করোনা আক্রান্তের ব্যক্তির সংস্পর্শে আসা তিন মেয়ে, স্ত্রী, এক চাচার নমুনা এবং আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া ডাক্তারের পরিবারের ৫ সদস্যেরও নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধি দল।

আক্রান্ত ব্যক্তি ঢাকার মুগদা-মাদারটেক এলাকার নন্দীপাড়ায় একটি চাউলের আড়তে কর্মরত ছিলেন। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া অসুস্থ অবস্থায় গত ৫ এপ্রিল রবিবার রাতে তিনি নজ বাড়ি তিতাসের বিরামকান্দিতে পরিবারের কাছে চলে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো থাকায় নিজ বাসায় রেখেই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্যকর্মীরা।  

ইত্তেফাক/এসি