লকডাউন হওয়া জেলা নারায়ণগঞ্জ থেকে পিরোজপুরের স্বরূপকাঠিতে নিজ এলাকায় ফিরে আসা ১৯ ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে গ্রামবাসীর হামলায় পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিক, পুলিশ ও ইউপি সদস্য রয়েছেন। এ ঘটনায় ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ ৬০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামি গ্রাম পুলিশ দিপেন সরকারকে গ্রেফতার করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। সাংবাদিকদের কাছ থেকে ছিনতাইকৃত ক্যামেরা উদ্ধার করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সরকার আবদুল্লাহ আল মামুন বাবু বলেন, বাইরে থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছি। স্বরূপকাঠি থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, বর্তমান সময় বাইরে থেকে লোক আসায় মানুষের মধ্যে ভীতি কাজ করে বলেই তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করছি।
