বিয়ে ভণ্ডুল, বর ও কনে পক্ষকে জরিমানা

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২২:১৭

সাভারে একটি বাড়িতে দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে লোকসমাগম করে আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে র্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে হাজির হয়। এসময় বর এবং কনে পক্ষকে আর্থিক জরিমানা করে বিয়ে বন্ধ করে দেয়। গতকাল শুক্রবার দুপুরে আমিনবাজারের সালেপুর গ্রামে কনের বাড়িতে এ বিয়ের আনুষ্ঠান চলছিল। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতেই র্যাব এ অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।

র্যাব সূত্র জানায়, আমিনবাজার ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং পার্শ্ববর্তী বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় বর এবং কনে পক্ষের আট জনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিয়ে বন্ধ করে বিয়ের আসরে উপস্থিত থাকা দুই ইউপি চেয়ারম্যানকে তাত্ক্ষণিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে।