সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে সন্ধ্যা ৬টার পর থেকে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে। বের হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল শুক্রবার এ নির্দেশনা সহকারে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে অবস্থান করতে হবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে অনুরোধ করা হয়েছে। সন্ধ্যা ৬টার পর কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক এলাকা থেকে আরেক এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত থাকবে। এদিকে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে ১৬ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ। এ সময়ের মধ্যে জেলায় দুই জন এ রোগে মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে এ তথ্য জানান তিনি। এ সময়ের মধ্যে এ রোগে আক্রান্ত কোনো ব্যক্তির সুস্থ হবার সংবাদ নেই বলেও জানান তিনি। এ নিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন জন ও মারা গেছেন ১৪ জন।
