যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনেও এবার করোনা ভাইরাস হানা দিয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় হাদ্রামৌত প্রদেশে এক ব্যক্তির শরীরে এই ভাইরাস শনাক্ত হয় বলে দেশটির করোনা নিয়ন্ত্রণে গঠিত সর্বোচ্চ কমিটি শুক্রবার এ খবর জানিয়েছে।—আল জাজিরা
কমিটির পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, রোগীকে বিশেষ ব্যবস্থায় চিকিত্সা দেওয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল। বিভিন্ন সহযোগী সংস্থার মতে, দীর্ঘদিন ধরে চলমান যুদ্ধে ইয়েমেনের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে। জাতিসংঘ বলছে, বিশ্বের সবচেয়ে বেশি মানবিক বিপর্যয়ে ভুগছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। সেখানে প্রাণঘাতী করোনা ভাইরাসের ছোবল ভয়াবহ দুর্যোগ বয়ে আনতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এর আগে, গত বুধবার করোনা সংক্রমণের কারণে দুই সপ্তাহের অস্ত্রবিরতি ঘোষণা দিয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। জোটের অন্যতম অংশীদার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগশ বৃহস্পতিবার বলেছেন, কোভিড-১৯ সবকিছুই গ্রাস করছে। ইয়েমেনি জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এগিয়ে আসতে হবে এবং একসঙ্গে কাজ করতে হবে।
