ছেলেকে উদ্ধারে মায়ের ১৪০০ কিলোমিটার পথ পাড়ি

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ২২:৩২

করোনা আতঙ্কে যখন কাঁপছে সারা বিশ্ব তখন এক মা লকডাউনে আটকেপড়া তার সন্তানকে উদ্ধারে নিজেই ১ হাজার ৪০০ কিলোমিটার পথ স্কুটিতে পাড়ি দিয়ে বাসায় নিয়ে এলেন। তেলেঙ্গানার এই তরুণ সম্প্রতি অন্ধ্র প্রদেশে বন্ধুর বাড়িতে গিয়ে আটকা পড়ে যায়। সে সময়ে সন্তানের আকুতিতে মা আর ঘরে থাকতে না পেরে ছেলেকে আনতে বেরিয়ে পড়েন। টাইমস অব ইন্ডিয়া

স্থানীয় পুলিশের অনুমতি নিয়ে মা রাজিয়া বেগম ছেলে নিজামুদ্দিনকে উদ্ধারে স্কুটি নিয়ে রওনা হন অন্ধ্র প্রদেশের নেল্লোরের উদ্দেশে। সেখান থেকে ছেলেকে নিয়ে তিনি ফের বাড়ির উদ্দেশে রওনা হন। গত সোম থেকে বুধবার পর্যন্ত     তিন দিনের এ যাত্রায় তাকে মোট ১ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে। ৫০ বছর বয়সি রাজিয়া বেগম বলেন, ‘একটি ছোটো দু-চাকার গাড়িতে একা একজন নারীর পক্ষে এই সফর মোটেই সহজ ছিল না। তবে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে। আমার এই অদম্য ইচ্ছার কারণে সব ভয়কে জয় করে আমি সফল হতে পেরেছি। তিনি বলেন, ‘আমি সঙ্গে শুধু ক’টি রুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। রাতে যানজট নেই, রাস্তাঘাট এত ফাঁকা যে, ভয় ভয় করছিল। তারপরও আমি আমার সিদ্ধান্তে অনড় ছিলাম।’

গত ১২ মার্চ নেলোল্লোরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে সারা দেশে লকডাউনের কারণে আটকে পড়ে নিজামউদ্দিন। ছেলে অনেক দিন সেখানে আটকে পড়ায় অস্থির হয়ে উঠেছিল। এ অবস্থায় ব্যাকুল মা আর কোনো উপায় না পেয়ে নিজেই পথে বেরিয়ে পড়েন।  বুধবার সন্ধ্যায় বাড়ি পৌঁছান মা ও ছেলে। রাজিয়া বেগম স্থানীয় একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষিকা। ১২ বছর আগে স্বামীকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে তিনি তার জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন।