করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ ও লকডাউনের মধ্যে গোপনে বিয়ে করে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের আমিনপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন কবির। গত বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
আদেশে বলা হয়েছে, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালীন ঐ কর্মকর্তা গত ৭ এপ্রিল সনমান্দি ইউনিয়নে গিয়ে বিয়ের জন্য অধিক জনসমাগম ঘটান। এ কার্যক্রম বর্তমান আইন ও সরকারি চাকরিবিধি পরিপন্থি বিধায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ১২ মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
জানা গেছে, সোনারগাঁও পৌরসভার গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে শাহিন ঐ দিন সন্ধ্যায় পার্শ্ববর্তী সনমান্দি ইউনিয়নের সনমান্দি গ্রামের জামালউদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন। খবর পেয়ে এলাকাবাসী করোনা ভাইরাসের পরিস্থিতিতে সরকারের কর্মচারী হয়ে সরকারি বিধিবিধান অমান্য করে বিয়ে করায় সমালোচনা করেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের অবহিত করেন এলাকাবাসী।
এর আগে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় নারায়ণগঞ্জ জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে আইএসপিআর। লকডাউনের মধ্যেই সরকারি বিধিমালা ভঙ্গ করে গোপনে বিয়ে করেন শাহিন কবির। এ ঘটনায় সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিনুর ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, শাহিন কবিরের বরখাস্ত হওয়ার আদেশ ই-মেইলের মাধ্যমে পেয়েছি। ঐ আদেশের কপি ডাউনলোড করে শাহিন কবিরের মাধ্যমে রিসিভ করিয়ে পুনরায় ঢাকা বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ে পাঠানো হয়েছে।
