করোনা ভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতির কারণে ব্যবসায়ীদের পক্ষে সময় মতো রাজস্ব অফিসের কাছে মাসিক ক্রয়-বিক্রয়ের বিবরণী (ভ্যাট রিটার্ন) দেওয়া সম্ভব হচ্ছে না। সময় মতো রিটার্ন জমা দিতে না পারলে ব্যবসায়ীদের জরিমানার মুখে পড়তে হয়। বিদ্যমান পরিস্থিতিতে জরিমানা ছাড়া ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে চিঠি পাঠিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। গত বৃহস্পতিবার এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ঐ চিঠি পাঠান।
দেশে বর্তমানে ভ্যাট নিবন্ধন নম্বর (বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর বা বিআইএন) রয়েছে দেড় লাখের ওপরে। এসব প্রতিষ্ঠানকে প্রতি মাসের ক্রয়-বিক্রয় ও আয়ের হিসাব পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট অফিসের কাছে জমা দেওয়ার পাশাপাশি প্রযোজ্য ভ্যাটও জমা দিতে হয়। এটি ভ্যাট রিটার্ন নামে পরিচিত। এই রিটার্ন জমা দিতে ব্যর্থ হলে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো জরিমানার মুখে পড়তে হয়। তবে করোনা ভাইরাসের কারণে এবার পরিস্থিতি ভিন্ন। সরকার গত ২৫ মার্চ থেকে সাধারণ ছুটি দিয়েছে। তৃতীয় দফায় তা বাড়িয়ে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। ফলে জরুরি কাজের বাইরে সরকারি অফিসও বন্ধ। অন্যদিকে সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ। এ পরিস্থিতিতে অফিস কার্যক্রম শুরু হওয়ার আগে এবং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আগে ভ্যাট রিটার্ন দাখিল করা কার্যত অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
