বিভিন্ন স্থানে আরো ১৮ জনের দেহে করোনা শনাক্ত

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০০:২৯

গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে আরো ১৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। খবর ইত্তেফাক স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের।

কেরানীগঞ্জ (ঢাকা) :গতকাল ঢাকার কেরানীগঞ্জের বামনশুর এলাকার এক নারী (৩৫) ও এক জন পুরুষ (৪৫) এবং খেজুরবাগ এলাকার এক জন পুরুষের (৪৫) দেহে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে কেরানীগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে। গতকাল ১৬ জনের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়। এর আগে পাঠানো হয়েছিল ১৬ জনের নমুনা। এ তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন। কেরানীগঞ্জ মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, আগানগর, জিনজিরা, কালিন্দী, শুভাঢ্যা, শাক্তা ও কোণ্ডা ইউনিয়নসহ সাতটি ইউনিয়ন সম্পূর্ণ লকডাউন করা হয়েছে।

নেত্রকোনা : নেত্রকোনায় করোনা ভাইরাসে আক্রান্ত দুই জন রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পরীক্ষায় তাদের শরীরে কোভিড-১৯ ধরা পড়ে। আক্রান্তদের এক জন খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স (২৩)। অপর জন সদর উপজেলার মদনপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা (৪৫)। গতকাল সন্ধ্যায় এ খবর পাওয়ার পর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লক্ষ্মীপুর গ্রাম লকডাউন করে দেওয়া হয়।

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরের বালিয়া ইউনিয়নের কাইচাপুর গ্রামের এক ব্যক্তি (৫০) কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি সম্প্রতি সিলেট থেকে ঢাকা হয়ে বাড়ি আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আক্রান্ত ব্যক্তিকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালিয়া বাজার ও কাইচাপুর গ্রাম লকডাউন করা হয়েছে।

শিবচর (মাদারীপুর) : শিবচরে করোনায় দুই নারী নতুন করে আক্রান্ত হয়েছেন। এছাড়াও উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা একই পরিবারের তিন জনের শরীরে আবারও করোনা ভাইরাস শনাক্ত হওয়া ঐ পরিবারের চার জনকে শুক্রবার ভোরে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। করোনায় আক্রান্ত হওয়া দুই নারীর মধ্যে এক জন ছাত্রী, অপর জন গৃহিণী। তাদের মাদারীপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা তিন জনের শরীরে আবারও করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় একই পরিবারের চার জনকে গতকাল আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দ্বিতীয়বার আক্রান্ত তিন জন হলেন ইতালিফেরত এক যুবকের স্ত্রী ও তাদের দুই সন্তান। তাদের সবাইর বাড়িসহ সংলগ্ন এলাকা লকডাউন করে আইনশৃঙ্খলা বাহিনী কর্ডন করে রেখেছে।

চিতলমারী (বাগেরহাট) : বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলার গেমাডাঙ্গার গ্রামের একই পরিবারের দুই সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ায় চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে চিতলমারী ও টুঙ্গিপাড়ার কিছু এলাকা লকডাউন করা হয়। চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল জানান, টুঙ্গিপাড়ায় দুই জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে চিতলমারী ও টুঙ্গিপাড়ার সীমান্ত লকডাউন করা হয়েছে।

চাঁদপুর : চাঁদপুর জেলায় প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে ঐ যুবকের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। তিনি জানান, বর্তমানে ঐ যুবক মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিত্সাধীন রয়েছেন। তার পরিবার ও আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। ৩২ বছর বয়সি ঐ যুবকের বাড়ি রংপুরে। তিনি নারায়ণগঞ্জ জেলার একটি গার্মেন্টসে চাকরি করেন।

ব্রাহ্মণবাড়িয়া : জেলার নবীনগর উপজেলার এক কৃষক (৬৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ঐ ব্যক্তির বাড়ি নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামের উত্তরপাড়ায়। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস শনাক্ত হওয়া তিনিই প্রথম রোগী। তার বাড়ি ছাড়াও আশপাশের ১২টি বাড়ি ১৪ দিনের জন্য লকডাউনে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

কাপাসিয়া (গাজীপুর) : গাজীপুরের কাপাসিয়ায় প্রথমবারের মতো এক জন করোনা ভাইরাস বা কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৪ বছর। তিনি উপজেলার দস্যু নারায়ণপুর এলাকার বাসিন্দা। আক্রান্ত যুবক স্থানীয় ছোঁয়া এগ্রোফিড লিমিটেডের শ্রমিক। করোনা রোগী শনাক্ত হবার পর ঐ কারখানা লকডাউন ঘোষণা করা হয়েছে। কাপাসিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, আক্রান্ত যুবকের বাড়ির আশপাশের এলাকাও লকডাউন করা হয়েছে।

ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে করোনা ভাইরাসে এক ব্যক্তি আক্রান্ত হয়েছে। তাকে ভৈরব ট্রমা হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়ায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার হোসেন্দী চড়পাড়া এলাকায়। ঐ ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০-১২টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, ঐ ব্যক্তির পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।