কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউপির পল্লীতে করোনা উপসর্গ নিয়ে এক দিনমজুরের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকালে তিনি নিজ বাড়িতে মারা গেলে এলাকার লোকজন বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঐ মৃত শ্রমিকের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম কারিগর পাড়া গ্রামের দবির উদ্দিনের ছেলে জিয়ার উদ্দিন (৩০) দিন মজুরের কাজ করতেন। কয়েকদিন ধরে তার জ্বর, গলা ব্যাথা, শ্বাসকষ্ট নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিল। এ অবস্থায় শুক্রবার বিকাল ৫ টার দিকে জিয়ার উদ্দিন মারা যান।
মারা যাওয়া দিন মজুরের স্বজনরা জানান, জিয়ার উদ্দিন হাঁপানীর রোগী ছিল এবং মাঠে দিন মজুরের কাজ করত। কোনো বিদেশি সংস্পর্শেও তিনি যায়নি বলে স্বজনরা দাবি করেছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জানান, করোনা উপসর্গ থাকায় মৃত ব্যক্তির শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। সতর্কতা মূলক ব্যবস্থা হিসাবে মৃত জিয়াউরের বাড়িসহ প্রতিবেশীদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে ইউএনও জানিয়েছেন।
ইত্তেফাক/কেকে
