করোনায় আক্রান্ত হয়েই মারা গেলেন আওয়ামী লীগ নেতা 

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৪:২৮

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই মারা গেছেন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমতলী উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার (৭২)। বিষয়টি নিশ্চিত করেন আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী। এ ঘটনায় আমতলী উপজেলা লকডাউন করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়িতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান জিএম দেলোয়ার। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাড়ি লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন।

এর আগে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় বুধবার বেলা ১১টার দিকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য যান জিএম দেলোয়ার। এসময় সেখানে কর্মরত চিকিৎসক তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। কিন্তু রিপোর্ট আসার আগেই এক দিনের মাথায় তিনি মারা যান।

মারা যাওয়ার একদিন পর শুক্রবার দুপুর ২টার দিকে পটুয়াখালীতে তার রিপোর্ট আসে। এতে তিনি করোনা পজেটিভ ছিলেন বলে উল্লেখ করা হয়।

বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়ার খবর পেয়েই জিএম দেলোয়ারের বাড়ি আমরা লকডাউন করে দিয়েছি। এছাড়াও তার জানাজা এবং দাফন স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে।

ইত্তেফাক/কেকে