ফার্মাসিস্ট করোনায় আক্রান্ত, বন্ধ প্রায় মাদারগঞ্জে স্বাস্থ্য সেবা

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১০:৪৭

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রর এক ফার্মাসিস্টের শরীরে করোনা শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৩ জন ডাক্তার ও ৪০ জন স্টাফ হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে। এরফলে প্রায় বন্ধ হয়ে গেছে এই এলাকার স্বাস্থ্য সেবা ব্যবস্থা। জরুরি বিভাগসহ সকল চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। এতে শত শত রোগী চরম দুর্ভোগে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গেছে, ঐ হাসপাতালে ১০ ডাক্তার কর্মরত ছিলো। গত বুধবার একজন স্টাফ করোনায় আক্রান্ত হলে ঐ স্টাফের সংস্পর্শে আসা ৪জন ডাক্তার ও ৪০ জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেন জেলা সিভিল সার্জন। তারা হোম কোয়ারেন্টাইনে থাকার এই সময়ে অন্যান্য ডাক্তারসহ স্টাফরা হাসপাতালে ঠিকমত ডিউটি করছেন না। ফলে বিপাকে পড়েছে হাসপাতালে আসা রোগীরা। তারা দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কোন ডাক্তার না পেয়ে চিকিৎসা না পেয়ে ফিরে গেছে।

এদিকে জেলা সিভিল সার্জন মাদারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের জন্য নতুন ৩ জন ডাক্তার পোস্টিং দিলেও এখনো তারা যোগ দেয়নি। এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, যাদের করোনা সন্দেহে স্যাম্পল নেয়া হয়েছে, পরীক্ষার পর কোন সংক্রামণ না থাকলে তারা কাজে যোগ দেবে। কিন্তু বাকী ডাক্তাররা কেনো আসছে না জানতে চাইলে তিনি বলেন, অনেকে ঢাকায় অবস্থান করায় পরিবহন সংকটের কারণে তাদের নিয়ে আসা যাচ্ছে না।

ইত্তেফাক/আরএ