পাইকগাছায় ফিরছে ভাটা শ্রমিক, করোনা আতঙ্কে প্রশাসনে হস্তক্ষেপ কামনা

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১১:০০

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ইট ভাটায় কর্মরত শত শত শ্রমিক করোনার ঝুঁকি নিয়ে ফিরতে শুরু করেছে খুলনার পাইকগাছার বিভিন্ন এলাকায়। এদের কেউ কেউ অসুস্থ শরীর নিয়ে ফিরলেও প্রশাসনের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই। ফলে ভয়াবহ করোনা আতঙ্কে আছেন উপজেলার কপিলমুনিসহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন।

জানা গেছে, পাইকগাছা এলাকার বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার ইট ভাটাগুলোতে মজুর হিসাবে কাজ করতে আসেন প্রতি মৌসুমে। এবারও তারা গিয়েছিলেন। কিন্তু করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ভাটা বন্ধ করে তাদের ফেরত পাঠাচ্ছে মালিকরা। সারাদেশে অঘোষিত লকডাউন চলার কারণে নানা কৌশল অবলম্বনে রাতের আঁধারে ট্রাক, পিকআপে করে প্রায় প্রতিদিন এসব শ্রমিকরা গাদাগাদি করে নিজ নিজ এলাকায় ফিরছেন।

গত ৩ দিনের ব্যবধানে  শতশত শ্রমিকরা স্ব-স্ব এলাকায় প্রবেশ করেছে। স্থানীয়দের অনেকে এমন বিষয়টি নিশ্চিত করেছেন এবং অবিলম্বে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা জারী করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, শতশত শ্রমিকরা এলাকায় এসে অবাধ বিচারণ করছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মাঝে। জানা গেছে, কপিলমুনি, কাশিমনগর,নগর শ্রীরামপুর,নোয়াকাটি,হরিদাশকাটি,প্রতাপকাঠি,সলুয়া,কাজিমুছা,হরিঢালী এলাকার শ্রমিকরা তাদের নিজ নিজ বাড়িতে ফেরা ও অবাধ চলাফেরা করার করণে অনেকে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

ইত্তেফাক/আরএ