হবিগঞ্জে করোনা আক্রান্ত রোগী শনাক্ত

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৪:০৯

হবিগঞ্জে একজন করোনা আক্রান্ত রোগী (৪৫) শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, গত ৮ এপ্রিল দিবাগত  রাত আড়াইটার  হবিগঞ্জের শহরতলীর কলিমনগর এলাকায় যাত্রীবাহী একটি হাইয়েস আটক করে পুলিশ। ১২জন যাত্রী নিয়ে হ্ইায়েসটি নারায়ণগঞ্জ থেকে বানিয়াচঙ্গ উপজেলায় যাচ্ছিল। পুলিশ যাত্রীসহ চালককে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন ভর্তি করে। পরে তাদের স্যাম্পুল আইইডিসিআরে পাঠানো হয়। শুক্রবার রাতে পাঠানো  রিপোর্টে হাইয়েস চালক (৪৫) করোনা আক্রান্ত বলে জানানো হয়েছে। 

হাইয়েস যাত্রীদের হবিগঞ্জ জেলা পরিষদে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে বলে সিভিল সার্জন জানিয়েছেন। তিনি জানান, চালককে ঢাকা না সিলেট পাঠানো হবে তা কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

ওই চালক নারায়ণগঞ্জের বাসিন্দা। হবিগঞ্জ থানার ওসি মাসুক আলী আটকের কথা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/আরকেজি