কেশবপুর (যশোর) সংবাদদাতা
করোনা ভাইরাস মোকাবিলা ও জনসচেতনতায় কেশবপুরে গ্রামে গ্রামে স্বউদ্যোগে লকডাউন শুরু হয়েছে। পৌরসভার বাজিতপুর, সরফরাবাদ, হাবাসপোল, মধ্যকুল, শহরের অনন্ত সড়কস্থ সাহাপাড়া, কাস্তা উত্তর পাড়া, কৃষ্ণনগর সারুটিয়া, বালিয়াডাঙ্গা, বাগডাঙ্গা, মনোরনগর, ছোটো মান্দারডাঙ্গা, নেপাকাঠি গ্রামের বাসিন্দারা বাইরের লোকের আগমন বন্ধে এ উদ্যোগ গ্রহণ করেছেন। সড়কের প্রবেশমুখে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। লকডাউন লেখা পোস্টার টানিয়ে দেওয়া ও সাবান পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও গ্রামে ঢুকতেই জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে শরীরে। অন্য দিকে চিংড়া, কোমরপোল, সাগরদাঁড়ি, কেশনগর, ধানদিয়া, জয়নগর ও গোপসেনা মালোপাড়া খেয়াঘাট লকডাউন করা হয়েছে।
কেশবপুর থানার ওসি মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, এলাকার সাধারণ মানুষ সচেতন হয়ে করোনা ভাইরাস মোকাবিলায় যে উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসনীয়। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা যাতে চলাফেরা করতে পারে সে ব্যবস্থাও তাদের রাখতে হবে।
ডিমলায় স্থানীয়দের লকডাউন
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা জানান, স্থানীয়দের উদ্যোগে উপজেলা সদর ও বাইপাস সড়কগুলো বাঁশ দিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে। শনিবার সকালে এলাকার মানুষের নিরাপত্তার কথা ভেবে জরুরি সেবা ছাড়া বহিরাগত মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে তারা। উপজেলা সদরের প্রবেশ পথে মূল সড়কগুলো আটকে দেওয়া হয়। ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকার বলেন, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। জরুরি সেবা ছাড়া বহিরাগতরা এলাকায় প্রবেশ করতে পারবেন না। করোনা ভাইরাস শিথিল না হওয়া পর্যন্ত এই সড়কগুলো লকডাউন থাকবে।
