রংপুরে সব যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষণা

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২১:২০

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর জেলায় সকল প্রকার যানবাহন ঢোকা ও বাহির হওয়া বন্ধ ঘোষণা করেছে স্থানীয় জেলা প্রশাসন রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জেলায় সকল প্রকার যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়াও পূর্বের ন্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান ও রংপুর মেট্রোপলিটন কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ স্বাক্ষরিত পৃথক দুটি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং কোভিড-১৯ রোগের বিস্তার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় সকল প্রকার যানবাহনের প্রবেশ ও জেলা থেকে বহির্গমন বন্ধ ঘোষণা করা হলো। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান অর্থাত্ রোগীবাহী গাড়ি, ওষুধ, পণ্যবাহী, কৃষিপণ্য ও সংবাদপত্রসহ সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও মালবাহী গাড়ি এসব নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

রংপুর জেলাকে করোনা ঝুঁকিমুক্ত রাখতে পার্শ্ববর্তী জেলার সকল সীমানা ও আন্তঃউপজেলার মধ্যে যানবাহন যোগাযোগ ও জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান জেলা প্রশাসক আসিব আহসান। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে জারিকৃত সকল নির্দেশনা ও নিষেধাজ্ঞার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এ নিয়ম ভঙ্গ করলে অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ডিসি।