একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনটিতে দুই জোটসহ বিভিন্ন দলের পাঁচজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। তার মধ্যে মহাজোট প্রার্থী বর্তমান এমপি বিএম কবিরুল হক মুক্তি ছাড়া অন্য প্রার্থীদের মাঠের লড়াইয়ে তেমন দেখা মিলেনি। আওয়ামী লীগের দূর্গে এককভাবে দিন রাত পথসভা ও উঠান বৈঠক করাসহ দ্বারে দ্বারে ভোট ভিক্ষা করেন মহাজোট প্রার্থী। ঐক্যফ্রন্ট প্রার্থী তথা বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ অন্য প্রার্থীদের ভোটের মাঠে উঠান বৈঠক বা পথ সভার প্রচার প্রচারণা তেমন চোখে পড়েনি।
সরেজমিনে ঘুরে ও ভোটরদের সাথে কথা বলে জানা গেছে, এই আসনে মহাজোটের মনোনয়ন দেওয়া হয়েছে দলীয় এলাকার সাধারণ ও নবীন ভোটারদের পছন্দের নেতা বিএম কবিরুল হক মুক্তিকে। আর সে হিসাবে ভোটের মাঠে তিনি রয়েছেন অপ্রতিদ্বন্দ্বী। অপরদিকে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াইকারি এবারে ঐক্যফ্রন্ট প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমও একইদিনে প্রচার প্রচারণা শুরু করেছিলেন। কিন্তু গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় জাহাঙ্গীরের নিজ গ্রাম খাশিয়াল বাজারে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হন আওয়ামী লীগ নেতা ও কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমানসহ তার ভাইয়েরা। ওই ঘটনাকে কেন্দ্র করে ৭৩ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ও ১৬ জন নেতাকর্মী আটক হয়। এরপরই তার দলের নেতাকর্মীরা প্রচার প্রচারণা থেকে নিজেদের গুটিয়ে নেয়।
নড়াইল ১ আসনের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মহাজোট প্রার্থী কবিরুল হক মুক্তির নৌকা মার্কার পোস্টারে ছেয়ে গেছে হাট বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো। হাতেগোনা কয়েকটি স্থানে নৌকার পাশাপাশি ধানের শীষসহ অন্য প্রার্থীদের পোস্টার দেখা গেছে। তবে স্থানীয় ভোটাররা বলেছেন, নড়াইল ১ আসন বরাবরই আওয়ামী লীগের দূর্গ এখানে অন্য দলের প্রার্থীদের জয় লাভের কোন সম্ভাবনা নেই।
