আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শামীম ওসমান
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
করোনা মোকাবিলায় জনসমাগম এড়াতে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শামীম ওসমান বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও পঞ্চায়েতকে নিয়ে এলাকায় এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ৫-৮-১০ জন স্বেচ্ছাসেবক দিয়ে টিম করে মাঠে নামাব। কমিটিতে যারা থাকবেন, তাদের আইডি কার্ড প্রশাসনের কাছে থাকবে, যাতে এই সুযোগে অন্য কেউ বদমায়েশি করতে না পারে।’ তিনি লোকজনকে লকডাউন মেনে নিজ নিজ ঘরে অবস্থানের পরামর্শ দিয়ে বলেছেন, সরকার নির্দেশিত পরামর্শ মেনে চলুন। তাহলেই করোনা-সংকট মোকাবিলা করা সম্ভব হবে। তবে একই সঙ্গে তিনি বলেন, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো কঠোর হতে হবে। তিনি গণমাধ্যমকর্মীদেরও সহায়তা কামনা করেন।
