ত্রাণ বিতরণে অনিয়মে ফৌজদারি মামলা হবে

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:১২

করোনা ভাইরাসের প্রভাব মোকাবিলায় সারাদেশে সরকারিভাবে ত্রাণ বিতরণের সময় বিভিন্ন জায়গায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যেসব জনপ্রতিনিধি বা কর্মকর্তা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন, তাদের ব্যাপারে জেলা প্রশাসকদের কাছে তথ্য চেয়েছে মন্ত্রণালয়।

গতকাল শনিবার উপসচিব এরশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অনিয়ম-দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ প্রতিবেদন তাত্ক্ষণিকভাবে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্র-পত্রিকার মাধ্যমে জানা যায় যে কোথাও কোথাও জনপ্রতিনিধি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সাময়িক বরখাস্ত করাসহ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজুসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। ত্রাণ বিতরণ কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বরখাস্ত ও ফৌজদারি মামলা দায়ের করা হবে। মন্ত্রী বলেন, ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে এসংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। তিনি আরো বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশও করোনা ভাইরাসজনিত প্রতিকূল অবস্থা মোকাবিলা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আমরা সবাই একযোগে কাজ করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আমি আশা করি।’