গাইবান্ধায় খাবারের দাবিতে দিনমজুররা রাস্তায়

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২২:১৩

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় গাইবান্ধায় লকডাউনের দ্বিতীয় দিন শনিবার খাবারের দাবিতে রাস্তায় নেমে আসেন দিনমজুররা। বেলা ১১টার দিকে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর ফারাজ খাঁর বাজার এলাকায় বোয়ালী-পিয়ারাপুর সড়কে শতাধিক মানুষ খাবারের দাবিতে মানববন্ধন করেন।

দুপুর ১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পশ্চিম পিয়ারাপুর গ্রামের দিনমজুর সৈয়দ আলী, আজিজ মিয়া, শাহ আলম, মজনু মিয়া, মো. আনু প্রমুখ। মানববন্ধনে বোয়ালী ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তোলেন সরকারের খাদ্যসহায়তা থেকে বঞ্চিত এসব মানুষ। তারা বলেন, শহর ও বন্দরে কোনো কাজ নেই। গ্রামেও কাজ নেই। ঘরবন্দি হয়ে বসে আছি। ধারদেনা করে চলতেছি। এখন আর কেউ ধারও দেয় না। কোনো খাদ্যসহায়তা পাচ্ছেন না। তাই সরকারি খাদ্যসহায়তা পেতে সেনাবাহিনীর মাধ্যমে খাবার বিতরণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা (পিআইও) মো. আনিসুর রহমান বলেন, গত ৯ এপ্রিল পর্যন্ত ৮৬ মেট্রিকটন চাল, শিশুখাদ্যবাবদ ৩১ হাজার টাকাসহ মোট ৩ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্য ১৩টি ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মধ্যে ৭২ টন চাল ও ২ লাখ ৭০ হাজার টাকার আলু, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসহায়তা ৭ হাজার ২০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া শনিবার আরো ১৪ মেট্রিকটন চাল ও শিশুখাদ্যবাবদ ৩১ হাজার টাকাসহ ১ লাখ ২১ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। এসব মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হবে।

জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কর্মহীন বঞ্চিত এসব পরিবারের মধ্যে জরুরিভিত্তিতে সরকারি খাদ্যসহায়তা পৌঁছানোর ব্যবস্থা নেওয়া হবে।