বরিশালে করোনা সংক্রমণ এড়াতে নদী ও নদী তীরবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে র্যাব-৮। একই সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন তারা। গতকাল শনিবার সকাল ৯টায় বরিশালের কীর্তনখোলা নদীর ডিসিঘাট থেকে এই প্রচারণা শুরু করে র্যাব-৮ সদস্যরা। পরে চরকাউয়া খেয়াঘাট, বেলতলা খেয়াঘাট, চাঁদমারী খেয়াঘাট এবং নদীতে থাকা মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালায় তারা। এ সময় র্যাবের পক্ষ থেকে করোনা প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়। সন্ধ্যার পর কোনোভাবেই ঘর থেকে বের না হওয়া এবং শারীরিক দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হয়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারি নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি জনগণকে অবহিত করা হয়। বরিশাল সদর ছাড়াও হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলা এবং ভোলাসহ উপকূলীয় এলাকায় র্যাব নদ-নদীতে সচেতনতামূলক প্রচারণা চালায়।
জনসমাগম রুখতে মোবাইল কোর্ট :বরিশালে জনসমাগম রুখতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেনাবাহিনীর সহায়তায় জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার নেতৃত্বে শনিবার নগরীর উত্তরাংশে এবং মো. মারুফ দস্তগীরের নগরীর দক্ষিণাংশসহ সদর উপজেলার কর্ণকাঠী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে ১৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন।
