বাসাইলে তাবলিগের ৪৭ জনকে কোয়ারেন্টাইনে

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ১২:২৬

বাসাইলে তাবলিগ জামাত থেকে ফেরত ৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) মাওলানা সাদ কান্দলবী অনুসারী ২৪ জনের দুটি এবং বুধবার (৮ এপ্রিল) মাওলানা যোবায়ের অনুসারী ২৩ জনের একটি দলকে বাসাইল ডিগ্রি কলেজে গঠিত কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে থেকে ৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বাসাইল উপজেলা তাবলিগ জামাতের দায়িত্বে থাকা উভয় অনুসারী জিম্মাদার সাথীরা জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ অনুসারী বিভিন্ন বয়সের প্রায় ১শত সাথী ৬টি গ্রুপ করে খাগড়াছড়ি, ভোলা,  সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাবলিগ জামায়াতে যায়। এদের মধ্যে বুধবার  বিকেলে মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে পৌর এলাকার ২৩জন এবং শুক্রবার মোঃ তালহা ও মোঃ আব্দুল ওয়াজেদের নেতৃত্বে থাকা কাউলজানী ও হাবলা ইউনিয়নের দুটি গ্রুপের ২৪ জন তাবলিগ থেকে ফিরেন। তাদেরকে বাসাইল ডিগ্রি কলেজে গঠিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

সপ্তাহ খানেক আগে উপজেলার কাউলজানী ইউনিয়নের আব্দুল গনি, কাশিল ইউনিয়নে আব্দুল বছির মিয়া ও ফুলকী ইউনিয়নের জয়নাল মিয়ার নেতৃত্বে আরও তিনটি গ্রুপের প্রায় ৬০জন সাথী তাবলিগ থেকে ফিরেন। বর্তমানে এরা যার যার বাড়িতে অবস্থান করছেন। তবে তাদের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি উপজেলা প্রশাসন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘তাবলিগ জামায়াতের তিনটি গ্রুপের ৪৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জানতে পেরেছি কয়েকদিন আগে আরও তিনটি গ্রুপ তাবলিগ জামায়াত থেকে ফিরেছেন। তাদেরকে হোম কোয়ারেন্টাইনের রাখার ব্যবস্থা করা হচ্ছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘এ পর্যন্ত তাবলিগ জামায়াতের তিনটি গ্রুপের ৪৭জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও সম্প্রতি আরও কোন তাবলিগ জামায়াতের গ্রুপ ফিরেছেন কিনা বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে তাদের ব্যাপারেও ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও কেউ যদি হোম কোয়ারেন্টিন না মানেন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।’

বাসাইল ডিগ্রি কলেজে গঠিত কোয়ারেন্টাইনে থাকা ৫ জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি-ইত্তেফাক