নির্বাচনের টুকরো খবর

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২২

নেত্রকোনায় সংসদ নির্বাচন উপলক্ষে

সেনা সদস্যদের মহড়া

নেত্রকোনা প্রতিনিধি আগামী রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনার সর্বত্র আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গতকাল শুক্রবার বিকালে নেত্রকোনায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ও  জোয়ানরা মহড়া দেয় এবং বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। বিকাল ৩টায় সেনা সদস্যরা নেত্রকোনা কেন্দুয়া সড়কের ডিসি অফিসের সামনের সড়কে বাস, ট্রাক, সিএনজি, মোটরসাইকেল এবং কার থামিয়ে গাড়ির ভেতর তল্লাশি চালান। এছাড়া মোটরসাইকেল আরোহীদেরও দেহ তল্লাশি করেন। জনসাধারণের চলাচলের সময় বড় বড় ব্যাগ তারা তল্লাশি করেন। সেনা সদস্যদের এরূপ মহড়া পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা এতে তাদের সাধুবাদ জানায়। নেত্রকোনা সেনা দপ্তর কর্তৃপক্ষ সূত্র জানায় নির্বাচন, নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসাবে এই মহড়া অনুষ্ঠিত হয়।

সোনাতলায়  নৌকা মার্কার প্রার্থীর

পক্ষে গণসংযোগ

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা  মহজোটের নৌকা মার্কার প্রার্থী আব্দুল মান্নানের পক্ষে টিজিএসএস চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়ারঘাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন এবং বক্তব্য  দেন। এ সময় তার সাথে ছিলেন মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন মণ্ডল, সোনাতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু আকন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বাবু প্রমুখ।

শিবচরে নৌকার পক্ষে জাতীয় পার্টির

নেতা-কর্মীদের গণসংযোগ

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা শিবচর উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা ১৪ দল সমর্থিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক মাদারীপুর-১ শিবচর আসনের পাঁচবারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মুন্সীর নেতৃত্বে জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন সিদ্দিকী শাহীন, যুগ্ম আহ্বায়ক ঠাণ্ডু বেপারীসহ অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মী নৌকার প্রচারপত্র বিলি ও ভোট চেয়ে গণসংযোগ করেন। অপরদিকে একইদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম চৌধুরী লিটনের পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করেন জনতা ব্যাংকের ডিজিএম আওয়ামী লীগ নেতা কাজী রইসউদ্দিন আহমেদসহ নিলখী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সোনাতলায় স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমানের প্রচারণা ছাড়াই নির্বাচন

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলা উপজেলার আড়িয়া চকনন্দন গ্রামের মো. তবিবর রহমান মণ্ডল জীবনের শেষ বয়সে এসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন সোনাতলা-সারিয়াকান্দি থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলারছড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু তিনি প্রচারণায় মাঠে নেই। প্রায় ৮৫ বছর বয়সী তবিবর রহমান মণ্ডল জীবনের শেষ বয়সে সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করায় তার আপনজন ও পরিচিতজনরা করেন নানা মন্তব্য। তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারণার শেষ সময়ের পূর্ব মুহূর্ত পর্যন্তও তার পক্ষ থেকে চোখে পড়ার মতো নির্বাচনী প্রচারণা করা হয়নি বলে কয়েকজন ভোটার জানান। এই প্রার্থীর একমাত্র ছেলে পিতার পক্ষে প্রচারণা না করে মহাজোট প্রার্থীর নৌকা মার্কার পক্ষে প্রচারণা কার্যক্রম চালিয়ে যাওয়ায় অনেকের কাছে বিষয়টি হাস্যকর মনে হয়। গত বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থীর ছেলেকে পিতার পক্ষে নির্বাচনী প্রচারণা না করে অন্য প্রার্থীর পক্ষে প্রচারণা করার কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি দীর্ঘদিন উপজেলা যুবলীগের আহ্বায়ক ছিলাম। বর্তমানে আমি আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত। তাই মহাজোটের নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচারণা কাজ করতেই পারি।

নবীনগরে নির্বাচন পর্যবেক্ষকদের প্রশিক্ষণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নবীনগরে গতকাল শুক্রবার স্থানীয় বেসরকারি সংস্থা হোপ কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংস্থার পর্যবেক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হোপ সংস্থার ২৪জন পর্যবেক্ষক অংশগ্রহণ করে। পর্যবেক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক এ,কে,এম আসাদুজ্জামান ও মাষ্টার ট্রেইনার মো. হুমায়ুন কবির। প্রশিক্ষণে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা-২০১৭ অনুযায়ী পর্যবেক্ষকদের দায়িত্ব বিষয়ে বিস্তারিতভাবে অবগত করা হয়। উল্লেখ্য যে, হোপ সংস্থা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবে।

মধুখালীতে নৌকার পক্ষে

ওয়ার্কার্স পার্টির মিছিল

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা গত বৃহস্পতিবার বিকালে মধুখালীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মধুখালী শাখা ফরিদপুর-১ মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা আসনে প্রচারণার শেষদিনে মহাজোট সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী মনজুর হোসেন বুলবুলের পক্ষে ভোট প্রার্থনা করে এক বিশাল মিছিল বের করে। মিছিল পূর্ববর্তী মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য মনোজ সাহা, উপজেলা সম্পাদক আবু সাঈদ মিয়া, মো. সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের পৌর সভাপতি হাজি মোহাম্মদ আলী মিয়া, প্রার্থী মনজুর হোসেন বুলবুলের বড় কন্যা প্রিয়ভাষিণী দিনা, মো. নজরুল ইসলাম, কাজল বসু প্রমুখ।

ধামরাইয়ে আওয়ামী লীগের কর্মীসভা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ের খাতরা আওয়ামী লীগ কার্যালয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা বেনজীর আহমদকে বিজয়ী করার লক্ষ্যে গত বৃহস্পতিবার রাতে কুল্লার প্যানেল ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ কর্মীসভা শেষে ব্যবসায়ী লুত্ফর রহমান, সাবেক ইউপি মেম্বার সফুরউদ্দিনসহ অন্য নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে খাতরা গ্রামে মিছিল ও প্রচারপত্র বিলি করা হয়। একই রাতে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেঘনা ব্যাংক লি.-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিমের নেতৃত্বে উপজেলার রাজাপুর ও ভাকুলিয়ায় এবং আমতার আওয়ামী লীগ নেতা মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে কর্মীসভা, মিছিল ও প্রচারপত্র বিলি করা হয় বালিয়া, আগজ্যাঠাইলসহ অন্যান্য এলাকায়।

দেবীগঞ্জে নৌকায় ভোট চাইলেন এমপি সুজন

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা পঞ্চগড়-২, দেবীগঞ্জ-বোদা আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী অ্যাড. নুরল ইসলাম সুজন এমপি বলেছেন, বিগত ১০ বছরে দু’বার এমপি নির্বাচিত হয়ে সত্ থাকার চেষ্টা করেছি, আপনাদের ভোটের কোনো অমর্যাদা করিনি। আপনাদের নিকট দেওয়া উন্নয়নের অঙ্গীকার প্রায় শতভাগ বাস্তবায়ন করেছি, প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থেকেছি। জনগণের কল্যাণে সাধ্যমত কাজ করে গেছি। বিদ্যুত্, রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, ব্রিজ,কালভার্ট নির্মাণ দেবীগঞ্জে ব্যাপকহারে করা হয়েছে। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য আপনাদের পবিত্র ভোট চাচ্ছি।  অ্যাড. সুজন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরজ্জামান।

সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় সমর্থন

জানালেন ঈশ্বরদীর সাংবাদিকরা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুখী, সমৃদ্ধশালী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নৌকায় সমর্থন জানিয়ে ঈশ্বরদীবাসীর প্রতি ভোটদানের আহ্বান জানিয়েছেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিক নেতারা।

ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুণ্ডু বলেন, আগামী ৩০ ডিসেম্বর আবারও ব্যালটের বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলাকে আরও একবার বিজয় করতে হবে। সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বলেন, ঈশ্বরদীবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নৌকা এ দেশের উন্নয়নের প্রতীক। আসুন আমরা সবাই মিলে এই উন্নয়নের প্রতীককে বিজয়ী করে সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখি। শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু বলেন, ৩০ ডিসেম্বর বাঙালির একটি গুরুত্বপূর্ণ দিন। এ দিনে স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে একটি অপশক্তির লড়াই হবে। এ লড়াইয়ে আমাদের জিততে হবে।  জেলা পরিষদের সদস্য ও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস বলেন, আগামী ৩০ ডিসেম্বর অগ্নিপরীক্ষার দিন, মুক্তিযুদ্ধের চেতনা ঠিক রাখার দিন। সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঈশ্বরদীর কাগজের সম্পাদক ও সহ-সভাপতি কে এম আবুল বাশার, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ শহীদুল ইসলাম, সময়ের ইতিহাস পত্রিকার সম্পাদক শেখ মহসীন, স্বকাল বাংলার সম্পাদক মিশুক প্রধান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমাস আলী, সমস্বর সম্পাদক এম এ কাদের, সাংবাদিক আতাউর রহমান বাবলু, ময়নুল ইসলাম মিন্টু, আক্তারুজ্জামান মিরু প্রমুখ।

মেলান্দহে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা নির্বাচনী কার্যক্রম চালাতে পারছেন না বলে অভিযোগ করেছেন জামালপুর-৩ মেলান্দহ-মাদারগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। গতকাল শুক্রবার সকালে মেলান্দহ উপজেলার নাওঘাটা বাবুলের গ্রামের নিজবাড়িতে অনুুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। আওয়ামী লীগ কোথাও ধানের শীষের পোস্টার রাখতে দিচ্ছে না। পুলিশ ও মির্জা আজমের কর্মীবাহিনী দিয়ে  তোপের মুখে ফেলে বিএনপি’র পোলিং এজেন্ট ও নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে মামলা-হামলা-গ্রেপ্তার ভয়-ভীতি দেখিয়ে আওয়ামী লীগে যোগদান করাচ্ছে। এমতাবস্থায় বিএনপি’র পোলিং এজেন্ট পাওয়া যাচ্ছে না। বিপুল ভোটে পরাজয়ের আশঙ্কায় মির্জা আজম বিএনপি’র প্রতি এমন অন্যায়-অবিচার চালাচ্ছেন।

নোয়াখালী-২ আসনে নৌকার পক্ষে ঢল

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিন নোয়াখালী-২ সেনবাগ-সোনাইমুড়ি আংশিক আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মোরশেদ আলমের পক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের শেষ শোডাউনে জনতার ঢল দেখা গেছে। বিকাল সাড়ে চারটার দিকে আলহাজ মোরশেদ আলমের নেতৃত্বে বিশাল নির্বাচনী একটি মছিলটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে নৌকার প্রার্থী আলহাজ মোরশেদ আলম ছাড়াও নায়ক ইমন বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন বয়সী মানুষের ঢল দেখা যায়।  একইভাবে নোয়াখালী-২ সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক আসনের প্রতিটি গুরুত্বপূর্ণ বাজার এবং ১৩টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। তবে এ সময় এ আসনের কোথাও ধানের শীষ প্রতীকের কোনো তত্পরতা দেখা যায়নি।

‘উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে

শেখ হাসিনার বিকল্প নেই’

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক অ্যাড. বলরাম পোদ্দার বলেছেন, আ’লীগের উন্নয়ন দৃশ্যমান। আ’লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা ও শেখ হাসিনার বিকল্প নেই। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে গৌরনদী-আগৈলঝাড়ার ভোটাররা আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহকে নৌকায় ভোট দেবে। নৌকার গণজোয়ার দেখে বিএনপি স্তম্ভিত হয়ে পড়েছে। গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আ’লীগের উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় বরিশাল-১ আসনের প্রার্থী আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সমর্থনে ভূরঘাটা নুরানী মাদ্রাসা মাঠে ও ইল্লাভাঙ্গা বাজারে পৃথক ২টি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় মাস্টার মকবুল বেপারির সভাপতিত্বে এ উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর-আলম সেরনিয়াবাত, ইউনিয়ন আ’লীগের সভাপতি মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম। এতে বক্তব্য রাখেন আ’লীগ নেতা বাবু দত্ত, ইউপি সদস্য মন্নান বেপারি, ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদ হোসেন, যুবলীগ নেতা ফরিদ বেপারি, বাবুল বেপারি প্রমুখ।