সিরাজগঞ্জের শাহজাদপুরে নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসা আব্দুর রহিম (৫০) নামে এক পোশাক শ্রমিকের লাশ দাফনে বাধা দিয়েছে এলাকাবাসী। শনিবার রাতে ওই পোশাক শ্রমিক নারায়ণগঞ্জে মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামের আব্দুর রহিম শনিবার তার কর্মস্থল নারায়ণগঞ্জে মারা যান। স্বজনরা তার লাশ গভীর রাতে বাড়িতে এনে গোপনে দাফনের চেষ্টা করে। কিন্তু গ্রামের লোকজন বাধা দিলে লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আরো পড়ুন : তিতাসে বাবা-মেয়েসহ ৩ ব্যক্তির করোনা শনাক্ত
এদিকে রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে মারা যাওয়া ব্যক্তি ও লাশের সঙ্গে থাকা ৪ জনের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জে সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়েছে। দুপুরে প্রশাসনের উপস্থিতিতে বৃ-আঙ্গারু কবরস্থানে রহিমের লাশ দাফন করা হয় । রহিমের ৪ স্বজনকে বৃ-আঙ্গারু গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম খান জানান, নমুনার রিপোর্ট হাতে পাওয়ার পর পোশাক শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে রহিম হৃদরোগে মারা গেছেন বলে তার স্বজনরা দাবি করেছে।
ইত্তেফাক/ইউবি
