বিএএফ ফ্লাইং ইন্সট্রাক্টরস ও এভিয়েশন ইন্সট্রাক্টরস ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:২৪

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্স ও ৩য় এভিয়েশন ইন্সট্রাক্টরস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুল, এরুলিয়া এয়ারফিল্ড, বগুড়াতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হল যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত্ প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে। 

বাংলাদেশ বিমান বাহিনীর ৭ জন কর্মকর্তা ৫৫তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের এবং ১০ জন কর্মকর্তা এভিয়েশন ইন্সট্রাক্টরস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র অর্জন করেন। ৫৫ তম ফ্লাইং ইন্সট্রাক্টরস কোর্সের স্কোয়াড্রন লিডার মির্জা মোহাম্মদ আশফাক সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ ট্রফি’ লাভ করেন। ফ্লাইং ইন্সট্রাক্টরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহফুজ উদ্দিন এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। —আইএসপিআর।