ধোনিতে আস্থা নাসের হুসেনের

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২০:৫৪

স্পোর্টস ডেস্ক

মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে তালা লেগে গেছে। এমন ভাবা মানুষের কোনো অভাব নেই। তবে, সেই দলে নেই সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন।

তিনি বলেন, ‘ধোনি কি এখনো ভারতীয় দলে জায়গা পাওয়ার মতো যথেষ্ট ভালো নয়? ব্যাপারটি খুবই সাধারণ। ধোনিকে যতটা দেখেছি, আমি এখনো মনে করি, ভারতীয় ক্রিকেটকে দেওয়ার অনেক কিছুই আছে তার।’

নাসেরের মতে, ধোনিকে এখনই বিদায় জানালে সেটা ভারতের জন্য ক্ষতিকর হবে। তিনি বলেন, ‘আমি বলব, কয়েকবার রান তাড়ায় ধোনি গড়বড় করেছে বটে। বিশেষ করে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে শেষ দিকে কোনো অজানা কারণে সে অনেকটাই থমকে গিয়েছিল। কিন্তু এমনিতে ধোনির এখনো সামর্থ্য আছে।’

ভারতের কোচ রবি শাস্ত্রী একটা পথ খোলা রেখেছিলেন মহেন্দ্র সিং ধোনির জন্য। বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পারফরম্যান্সের ওপর নির্ভর করে। কিন্তু, সেই আশায় গুড়েবালি ধোনির। কারণ করোনা ভাইরাসের প্রকোপে এবার আইপিএল আয়োজনের সম্ভাবনা খুবই কম। ধোনির অবসর নিয়ে ফেলার গুঞ্জনও তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।