অনুমোদন ছাড়াই ৫ লাখ ডলারের আমদানি বিল পরিশোধের সুযোগ

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ২১:৫১

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ৫ লাখ ডলার পর্যন্ত আমদানি বিল পরিশোধ (বুলেট রি-পেমেন্ট) করতে পারবেন আমদানিকারকরা। এতদিন বুলেট পেমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগত। এছাড়া নিয়ম অনুযায়ী, প্রতি তিন মাস পর পর আমদানি বিল পরিশোধ করতে হয়। এটি এককালীন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত্র একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

দেশে কার্যরত সব অথরাইজ ডিলারের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে আর্থিক খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি সামাল দিতে আমদানিকারকদের বুলেট রি পেমেন্টের শর্ত সহজ করা হলো।

এতে আরো বলা হয়, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত বলবত্ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই ৫ লাখ ডলার পেমেন্ট করার এ সুযোগের মেয়াদ হবে ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম।