প্রেমের অভিনয় করে কলেজছাত্রীকে ধর্ষণ ও এর ভিডিও চিত্র বন্ধুদের মোবাইলে প্রচার করার অভিযোগে পুলিশ ধর্ষক ইব্রাহিম হোসেন তানভীরসহ সাত কলেজ ছাত্রছাত্রীকে গ্রেফতার করেছে। এদেরকে শনিবার বিকালে ও রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই ইব্রাহিমের বন্ধু। এরা হলেন—উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র বন্ধন, ছাত্রী পূর্ণতা, মিম ও রিফাত এবং ঢাকা কলেজের ছাত্র তুষার ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সুমন। এদের মধ্যে বন্ধন ও পূর্ণতা পাবনা জেলার সাঁথিয়ার বাসিন্দা। বাকিরা উল্লাপাড়ার বাসিন্দা। ধর্ষক তানভীর উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লার কামরুজ্জামান স্বপনের ছেলে। সে এ বছরের এইচএসসি পরীক্ষার্থী।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন আকন্দ জানান, দুই মাস আগে ধর্ষক তানভীর রাজশাহী সিটি কলেজের এক ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে। একপর্যায়ে ছাত্রীটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে বেশ কয়েক দফা ধর্ষণ করে। এ সময় কয়েক জন বন্ধু ও বান্ধবী ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে। এসব ভিডিও চিত্র অতি সমপ্রতি বন্ধুরা বিভিন্ন জনের মোবাইলে প্রচার করে। গত ১০ এপ্রিল ধর্ষণের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে তানভীর ও তার ছয় বন্ধুর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ধর্ষকসহ সাত শিক্ষার্থীকে গ্রেফতার করে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে রবিবার জেলহাজতে পাঠায়।
