করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত অর্থায়নে তার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দ্বিতীয় পর্যায়ে ৮০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। আজ রবিবার রাত থেকে আখাউড়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহায়তায় ৮০০ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, এক লিটার তেল, দুই কেজি আলু, মসুর ডাল দুই কেজি, লবণ এক কেজি ও একটি সাবান। এসব খাদ্যসামগ্রী তিনদিনের মধ্যে রিকশা, অটো রিকশা ও ঠেলাগাড়ি চালক, ফেরিওয়ালা, ভিক্ষুক, ভবঘুরে, ফুটপাতের দোকানী, গৃহকর্মী, নৈশ প্রহরী ও শ্রমিক সহ দরিদ্র-অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে। এজন্য আখাউড়ার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫৪টি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে এবং ওয়ার্ড ভিত্তিক ৮০০ পরিবারের তালিকা তৈরি করা হয়েছে।
এর আগে, গত সপ্তাহে প্রথম পর্যায়ে আখাউড়ার ৪০০ পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
ইত্তেফাক/জেডএইচডি
