প্রণোদনা চান করোনায় দায়িত্ব পালন করা ব্যাংকাররা

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০০:৩৫

করোনা পরিস্থিতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ব্যাংকাররা প্রণোদনা দাবি করেছেন। বিশেষত ঝুঁকি নিয়ে কাজ করায় ডাক্তারদের ন্যায় এ খাতের কর্মীদেরও বিমাব্যবস্থার প্রচলনসহ ১২টি দাবি তুলে ধরেছে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ। পরিষদের সাধারণ সম্পাদক এস এম লুত্ফর রহমান স্বাক্ষরিত ঐ দাবিনামায় বলা হয়, ব্যাংকগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, গ্রাহকের উপচে পড়া ভিড়। এমন প্রতিকূল পরিস্থিতিতেও ব্যাংকের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান করে যাচ্ছেন।

এ সময় ব্যাংকারদের সরকার ঘোষিত প্রণোদনায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া  ব্যাংকারদের কর্মস্থলে যাতায়াত নির্বিঘ্ন করা, সরকারি বা ব্যাংকের নিজস্ব উদ্যোগে কর্মীদের অফিসে আনা-নেওয়ার ব্যবস্থা করা, শুধু নগদ উত্তোলন ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ এবং অতিজরুরি কার্যক্রম চালু রাখা, একই হিসাবে মাসে একাধিক লেনদেন স্থগিত করা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দ্রুত নিজস্ব ওয়ালেট বা অ্যাপভিত্তিক ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং চালু করা, এটিএম কার্ডধারী গ্রাহকদের চেকের মাধ্যমে লেনদেন রহিত করা, লকডাউন করা এলাকায় শাখাগুলোর কার্যক্রম বন্ধ রাখা, সাপ্তাহিক কর্মদিবসের সংখ্যা কমিয়ে দুই দিনে নির্ধারণ করা, সন্তোষজনক ঝুঁকি ভাতা ও জীবনবিমার ব্যবস্থা করা, দায়িত্ব পালনকারী কোনো ব্যাংক কর্মকর্তা ভাইরাসে আক্রান্ত হলে ব্যাংকের নিজস্ব অর্থায়নে তার সুচিকিত্সার ব্যবস্থা করা এবং  মৃত্যুবরণ করলে মৃতের পরিবারের দায়িত্ব বহন এবং কর্মীদের রোস্টারভিত্তিক দায়িত্ব বণ্টন করার কথা বলা হয়। —প্রেস বিজ্ঞপ্তি