হঠাৎ লকডাউনে ফেঁসে যাওয়া অভুক্ত এলাকাবাসীর ত্রাতা গফরগাঁও আওয়ামী লীগ 

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১১:৪৬

রবিবার রাত সাড়ে নয়টা । উপজেলা পরিষদের গাঁ ঘেষা গফরগাঁও পৌর শহরের মুক্তিযোদ্ধা বদরুল আলম সড়ক। চারিদিকে সুনশান নীরবতা, ভূতুড়ে পরিবেশ, এ সড়ক দিয়ে গত ৪দিন একজন মানুষও হেঁটে যায়নি।  এ সময় পৌর মেয়র ইকবাল হোসেন সুমন নিজের পরিচয় দিয়ে মাইক দিয়ে ঘোষণা করেন আপনাদের বাড়ির গেইটের সামনে সামনে খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে আপনারা তালিকা অনুযায়ী খাদ্য ও ওষুধগুলো নিয়ে যান। মাইকের ঘোষণা শুনে বয়স্কদের সাথে বাড়ির ক্ষুধার্ত শিশুটিও গেইটের কাছে এগিয়ে আসে খাদ্য নিতে। যাদের কাছে গত দুইদিনে করোনার চেয়ে ক্ষুধার ভয় ভয়ংকর হয়ে দেখা দিয়েছিল।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন গফরগাঁও পৌর শহরের মুক্তিযোদ্ধা বদরুল আলম সড়কের বাসিন্দা একজন নারী করোনা পজিটিভ শনাক্ত হয় । উপজেলা প্রশাসন রাত সাড়ে এগারটায় ওই মহল্লার ২৩টি বাড়ির ৬০টি পরিবারকে লকডাউন ঘোষণা করেন। উপজেলা প্রশাসন নির্দেশ প্রদান করে জরুরী প্রয়োজন ব্যতিত লকডাউন চলাকালীন সময়ে উল্লেখিত বাড়ির বাসিন্দারা কেউ ঘরের বাইরে যেতে পারবে না  অন্য এলাকার কোন লোক এইসব বাড়িতে প্রবেশ করতে পারবে না। মধ্যরাতে হঠ্যাৎ লকডাউনের ঘোষণার পর এইসব বাড়ির বাসিন্দারা বিপাকে পড়ে যায় । তিনদিন পর শনিবার সকাল থেকেই ওই বাড়িগুলোর বাসিন্দা অনেক পরিবারের শিশুদের শিশু খাদ্য, অস্যুস্থ রোগীদের ওষুধ এমনকি অনেক পরিবার থাদ্য সংকটে পড়ে যায় । শরনাপন্ন হয় বাড়ির কাছের উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাছে। ফোন করে এমনকি বাড়ি থেকে জোরে জোরে চিৎকার করে তারা সাহায্য প্রার্থনা করতে থাকে। অনেক পরিবারের সদস্যরা কান্না করতে করতে বলতে থাকে তাদের ঘরে খাদ্য না পৌছালে তাদের শিশু সন্তানটি মারা যাবে। ভয় ও আতংকে কেউ তাদের প্রতি সাহায্যের হাত বাড়ায়নি।

এমত অবস্থায় বিকল্প কোনও পথ না পেয়ে এই ৬০টি পরিবারের মধ্যে আটকে থাকা ফরিদুল আলম সজিব এই মহল্লাবাসীকে সাহায্যের জন্য রবিবার সন্ধ্যায় ফেইসবুকে স্টাটাস দেয়। স্টাটাসটি স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নজরে এলে তিনি এইসব অসহায় পরিবারকে সাহায্যের জন্য দ্রুত পদক্ষেপ নেন। এই ৬০টি পরিবারকে তাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার ত্রাতার ভূমিকায় স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল ও পৌর মেয়র এসএম ইকবাল হোসেন মেয়র।

রাত নয়টার দিকে পৌর মেয়র আওয়ামী লীগ নেতা এসএম ইকবাল হোসেন সুমনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তালিকা তৈরী করে মুক্তিযোদ্ধা বদরুল আলম সড়কের ২৩টি বাড়ির গেইটের সামনে গিয়ে ৬০টি পরিবারের জন্য ১০দিনের খাদ্য রেখে আসে। প্রত্যেক পরিবারের জন্য ১০দিনের জন্য চাউল, ডাল, তৈল, মসল্লা, শিশু খাদ্য, ওষুধ, সাবান, লবনসহ প্রয়োজনীয় গৃহস্থালী সব জিনিস সব জিনিস দেওয়া হয়। খাবার পেয়ে খুশী ৪দিন ধরে হঠাৎ লকডাউনে থাকা পরিবারগুলো। এলাকার বাসিন্দা সাইদুল মাষ্টার বলেন, এমপি ও মেয়রের এই উদ্যোগ ও সাহায্য আমাদের কঠিন সময়ের লড়াইয়ে অনেক উপকার করবে। স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে তারা কাজটি করেছেন। লকডাউন পর্যন্ত এই সাহায্য তারা চালিয়ে যাবেন।

ইত্তেফাক/আরকেজি