রমজানের তারাবি ও ইতেকাফ স্থগিত করল মিসর

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৮:২৬

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মিসরের মাসজিদগুলোতে রমজানের তারাবি ও ইতেকাফ স্থগিত করেছে আওকাফ মন্ত্রণালয়। মিসরের ইতিহাসে তারাবি ও ইতেকাফ স্থগিতের এটিই প্রথম ঘটনা। মিসরের ধর্মীয় মন্ত্রণালয় দেশটির মসজিদে তারাবি ও ইতেকাফ আয়োজনে এ স্থগিতাদেশ জারি করে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারাবি নামাজের জন্য মসজিদে জামায়েতের প্রয়োজন হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়ে মানুষের নিরাপত্তা বিষয়টি চিন্তা করেই জনসমাগম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মসজিদে তারাবি অনুষ্ঠিত হলে এ ভাইরাস অন্যের মাঝে মারাত্মকভাবে সংক্রমিত হবে।

সেখানকার সংবাদ মাধ্যমগুলো জানায়,করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না কমলে মসজিদগুলোতে তারাবি নামাজের জামাআত ও ইতেকাফ অনুষ্ঠিত হবে না বলে জানায় মন্ত্রণালয়। কায়রোর নীতি নির্ধারণী মহল জনস্বার্থে কোভিড-১৯ এর কারণে মসজিদে তারাবি ও ইতেকাফ স্থগিত করেছে।

তারাবি নামাজ ও ইতেকাফ ছাড়াও মসজিদে ইফতারের আয়োজনেও থাকবে এ স্থগিতাদেশ।

তাছাড়া মিসরের আল-আজহার ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেক্ট্রনিক ফতোয়া বোর্ড জানিয়েছে, ‘করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে যদি ডাক্তাররা দিনের বেলা করোনা সংক্রমিত কিংবা সংক্রমণের আশঙ্কায় থাকা রোজাদার ব্যক্তির মুখ ভিজিয়ে রাখার প্রয়োজনীয়তা মনে করেন, তবে রমজান মাসে তাদের জন্য রোজা ভাঙার ব্যাপারেও তারা মত দেন।

এদিকে সৌদি আরবের ইসলামিক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ জানান, দেশটিতে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে সৌদিতেও বন্ধ থাকবে রমজানের ধর্মীয় ইবাদত তারাবি।

ইত্তেফাক/আরএ