সাতক্ষীরায় ট্রাকসহ ঢাকাফেরত ৬০ শ্রমিক আটক

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৯:৫৯

ঢাকা ও গাজীপুর থেকে ৬০ জনের একদল শ্রমিক ট্রাকে করে সাতক্ষীরার আশাশুনি এবং শ্যামনগরের বিভিন্ন এলাকায় যাওয়ার পথে তালা উপজেলার পাটকেলঘাটা বাজারে আটক হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলামসহ সেনাবাহিনীর টহলরত একটি দল তাদেরকে আটক করে।

পরে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের  নির্দেশনা মতে পাটকেলঘাটা থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম জানান, আশাশুনি ও শ্যামনগর এলাকায় তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হবে। আটককৃত শ্রমিকদেরকে বিকালেই পুলিশ হেফাজতে আশাশুনি ও  শ্যামনগর এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমআর