আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর, সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
দিনাজপুর অফিস জানায়, হিলি স্থলবন্দর গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ ৪ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানিসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ও ব্যাংক হলিডে উপলক্ষে আগামী সোমবার পর্যন্ত বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরে আটকেপড়া পণ্য খালসের জন্য আজ আধাবেলা বন্দরের কার্যক্রম চলবে।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, গতকাল থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্ট যাত্রীরা এ সময় যাতায়াত করতে পারবেন। ১ জানুয়ারি থেকে আবার শুরু হবে ভোমরা স্থল-বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার পর্যন্ত বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আজ কাস্টমস অফিস খোলা থাকবে। একই সঙ্গে পূর্বের আমদানিকৃত পানামা ইয়ার্ডের ভেতরে থাকা পণ্য ছাড়করণের ব্যবস্থা থাকবে বলে সহকারী কমিশনার সন্তোষ সরেন জানিয়েছেন। পাসপোর্টধারী যাত্রীদের জন্য কাস্টমস ইমিগ্রেশন খোলা থাকবে।
