ব্ল্যাটারের আংশিক দায়মুক্তি

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:০২

স্পোর্টস ডেস্ক

নানাবিধ দুর্নীতির দায় নিয়ে ফিফা ছাড়তে হয়েছিল সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারকে। তার একটা থেকে এবার মুক্তি পেলেন তিনি। ক্যারিবীয় ফুটবল ইউনিয়নের কাছে টিভি স্বত্ব বিক্রিতে দুর্নীতির অভিযোগ ছিল তার বিপক্ষে। সেটি এবার তুলে নিয়েছে সুইস অ্যাটর্নি জেনারেলের দপ্তর।

২০১০ আর ২০১৪ বিশ্বকাপের স্বত্ব ক্যারিবীয় অঞ্চলের সংস্থাটির কাছে মোটে ৬ মিলিয়ন ডলারে বিক্রি করেছিলেন ব্ল্যাটার। তার বিরুদ্ধে আনা অনেক অভিযোগের মধ্যে এটিও অন্যতম ছিল।

সম্প্রতি সুইজারল্যান্ডের অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সব পক্ষের সম্মতিতেই ব্যাপারটি সমাধা হয়েছে এবং এটি নিষ্পত্তির জন্য সর্বোত্তম উপায়ও খুঁজছে বলে জানান হয়। সেখানে মামলা নিষ্পত্তির ব্যাপারে উল্লেখ করা হলেও কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। সেখানে বলা হয়, ‘ব্ল্যাটারের বিপক্ষে প্রমাণাদি ও অভিযোগের ভিত্তিতে যে তদন্ত করা হচ্ছিল তা এখন শেষ হয়েছে। আমরা এখন মামলাটাকেই শেষ করার পথে রয়েছি।’