বরিশাল অফিস
বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে চিকিত্সাধীন তিন রোগী করোনা সংক্রমিত হওয়ায় মহানগরীসহ পুরো জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসন জেলা লকডাউন ঘোষণা করলেও অনেক মানুষ সরকারি এই নির্দেশ মানছে না। এদিকে নিজেদের স্বার্থেই লকডাউন মানার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বরিশালে যানবাহন প্রবেশ বন্ধে সকল প্রবেশদ্বারে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, বরিশালে প্রথমবারের মতো দুই জন করোনা রোগী পাওয়া গেছে। ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় জনস্বার্থে মহানগরীসহ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন সচেষ্ট আছে। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সোমবার পর্যন্ত এই হাসপাতালের করোনা চিকিত্সাধীন ২৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে এবং দুই জনের করোনা পজিটিভ এসেছে।
পরীক্ষা রিপোর্ট সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্তদের মধ্যে এক জন মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরচর এলাকার বাসিন্দা এবং তার বয়স ৬০ বছর। অপর জন বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট এলাকার বাসিন্দা। তার বয়স ৬৫ বছর। এছাড়া গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন ৬০ বছর বয়সি এক নারীর নমুনা রবিবার সংগ্রহ করে ঢাকার মহাখালীতে ইনস্টিটিউট ফর ডেভলপিং সাইন্স অ্যান্ড হেলথ ইনশিয়াটিভস এ পাঠানো হলে সোমবার তার রিপোর্ট পজিটিভ আসে।
উপপুলিশ কমিশনার(উত্তর) মো. খাইরুল আলম জানান, নগরীর প্রবেশদ্বার রহমতপুর এলাকা থেকে বরিশালে যানবাহন প্রবেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চেকপোস্ট বসিয়ে সরকারি কাজে নিয়োজিত, স্বাস্থ্য সেবা ও পণ্য সেবা ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
