এলাকা জুড়ে আতঙ্ক
কেশবপুর (যশোর) সংবাদদাতা
করোনা আক্রান্ত রোগীকে বাড়িতে রেখে চিকিত্সা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তিকে দ্রুত করোনা ইউনিটে নিয়ে চিকিত্সার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সোমবার সকালে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম আক্রান্ত ঐ ব্যক্তির স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন অফিসের মাধ্যমে খুলনায় প্রেরণ করেছে। যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীর (৩৩) করোনা উপসর্গ দেখা দিলে ৮ এপ্রিল ঐ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজের ল্যাবে প্রেরণ করা হয়। এরপর তিনি সেখান থেকে কেশবপুর উপজেলা ইমাননগর গ্রামে শ্বশুরবাড়িতে অবস্থান করেন। রবিবার খুলনা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ ঐ স্বাস্থ্য সহকারীর নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিক্যাল টিম ঐ বাড়িতে উপস্থিত হয়ে আক্রান্ত ব্যক্তির স্ত্রী ও শিশু সন্তানের নমুনা সংগ্রহ করে যশোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।
যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, করোনায় আক্রান্ত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীকে অবস্থান করা তার শ্বশুরবাড়িতে রেখেই চিকিত্সা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, আক্রান্ত ব্যক্তি অবস্থান করা তার শ্বশুরবাড়ি ও কেশবপুর শহরে তার নিকটাত্মীয়ের এক ভাড়াবাড়ি লকডাউন করা হয়েছে।
