গোপালগঞ্জে সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২১:১২

আহত ২৫

গোপালগঞ্জ প্রতিনিধি

জুয়ার আসরে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আজর ফকির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বনগ্রামের পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোপালগঞ্জ সদর থানার ওসি ও ৯ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২৫ জন আহত হয়। পুলিশ ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, দুই গ্রুপের ইটপাটকেলের আঘাতে আমিসহ থানার ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত দুই কনস্টেবলকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ ঠেকাতে ১৮ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়েছে। এখন এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এস পি সার্কেল মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, জুয়া খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পেয়েছি।