করোনার উপসর্গ নিয়ে আরো দুই জনের মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২২:৩৫

বরিশালের মুলাদী ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে ১১৫ জনের মৃত্যু হলো। সংবাদদাতাদের পাঠানো খবর:

মুলাদী (বরিশাল) : মুলাদীতে করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে রবিবার সন্ধ্যায় রতন হাওলাদার (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মুলাদী সদর ইউনিয়নের দড়িচরলক্ষ্মীপুর গ্রামের কাজিরচরহাট এলাকার মৃত নাসির উদ্দীন হাওলাদারের ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা         শুভ্রা দাস জানান, রতন হাওলাদার শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছেন। রাতেই বরিশাল ভাইরোলজি বিভাগের এক্সপার্ট এনে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের দুইটি বাড়িকে লকডাউন করে দেওয়া হয়েছে। এদিকে, নাজিরপুর, চরকালেখান, গাছুয়া এলাকা থেকে আরো পাঁচ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল ভাইরোলজি বিভাগে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব-শ্যামপুর বাঘারপাড়া গ্রামে নিজ বাড়িতেই রবিবার রাত ৮টার দিকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সি এক শিক্ষার্থী মারা গেছে। বাঘারপাড়া গ্রামের প্রায় ১০০ পরিবারকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন চৌধুরী জাহিদ নজরুল ইসলাম জানান, ঘটনা শুনে সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনার ফলাফল এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।