চকরিয়ায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ২২:৩৬

চকরিয়ায় লোকমান (৩০) নামে এক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার ভোরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের অদূরে রিংভং নতুন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। লোকমান কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরম্নং ইউনিয়নের কালারমার পাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি চট্টগ্রামের একটি ট্রান্সপোর্টে মালামাল লোড আনলোডের কাজ করতেন। তিনি শ্বশুরবাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের ডুমখালী গ্রামে বেড়াতে এসেছিলেন।

এলাকাবাসী জানান, গতকাল ভোরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় একটি গুলির শব্দ শোনেন তারা। এ সময় মুসল্লিরা একটি সাদা রঙের মাইক্রোবাসকে মহাসড়ক হয়ে উত্তর দিকে চলে যেতে দেখেন। পরে তারা ঘটনাস্থলে গিয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ সড়কের ধারে জঙ্গলের পাশে পড়ে থাকতে দেখেন। নিহতের স্ত্রী রিফা আকতার জানান, বেতনের টাকা তুলতে ভোরে শ্বশুরবাড়ি থেকে বের হয়। পরে সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তের গুলিতে মারা গেছেন বলে শুনতে পান। তবে কী কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।