করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির প্রভাব মোকাবিলায় গঠিত জরুরি তহবিলের আকার তিন গুণ বাড়িয়ে ২০ বিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৬৮ হাজার ৪৩০ কোটি টাকার বেশি) উন্নীত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এডিবির পক্ষ থেকে। এর আগে সদস্য দেশগুলোকে সহায়তার জন্য ১৮ মার্চ ৬৫০ কোটি ডলারের (প্রায় ৫৫ হাজার কোটি টাকা) জরুরি তহবিল গঠনের ঘোষণা দেয় সংস্থাটি।
এ বিষয়ে এডিবির প্রেসিডেন্ট মাসাটসুগু আসাকওয়া উল্লেখ করেন, মহামারির কারণে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক, সামাজিক এবং উন্নয়ন কর্মকাণ্ড পেছনের দিকে চলে যাচ্ছে। দেশগুলোর জরুরি চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবি এই সহায়তা তহবিল গঠন করেছে। এডিবি উল্লেখ করেছে, জরুরি তহবিলের মধ্যে ১ হাজার ৩০০ কোটি ডলার (১ লাখ ৯ হাজার ৪৮০ কোটি টাকার বেশি) এডিবির সদস্য দেশগুলোর সরকারকে মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দেওয়া হবে। এছাড়া অনুদান আকারেও কিছু অর্থ দেওয়া হবে। ২০০ কোটি ডলার (প্রায় ১৭ হাজার কোটি টাকা) বরাদ্দ রাখা হয়েছে বেসরকারি খাতের জন্য। এর বাইরে কারিগরি সহায়তা আকারে দেশগুলোকে সহায়তা করা হবে।
