সিলেটে দেড় হাজার কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪৪

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ সময় থাকলেও সিলেটের ১৯টি আসনে সব ধরণের প্রচার-প্রচারণা শেষ হয়েছে বৃহস্পতিবার। সভা, সমাবেশ, পথসভা ও মিছিলের মাধ্যমে শেষ সময়ে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন প্রার্থীরা। শুক্রবার প্রার্থীরা ঘর গোছাতে ও এজেন্ট নিয়োগসহ আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে ব্যস্ত ছিলেন।  নির্বাচনকে ঘিরে সিলেট বিভাগে সতর্ক অবস্থায় রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করার জন্য তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। সিলেটের ডিআইজি কামরুল আহসান পিপিএম বলেছেন, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ। ভোটারদের নিরাপত্তাসহ ভোটকেন্দ্রে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা হবে।

১ হাজার ৬২১ ভোটকেন্দ্র গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত : সিলেটের ১৯ আসনে ১ হাজার ৬২১ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এর মধ্যে সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র হবিগঞ্জ জেলায়। সিলেট রেঞ্জের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সূত্র জানান, গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে সর্বোচ্চ নিরাপত্তায় থাকবে পুলিশ। সাধারণ কেন্দ্রসমূহেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেট বিভাগের ৪ জেলার ১৯ আসনে মোট ২ হাজার ৮০৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১ হাজার ৬২১ ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র বলে চিহ্নিত   করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। স্বাভাবিকভাবে এ সকল কেন্দ্রকে বলা হয় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। বাকি ১ হাজার ১৮৪ ভোটকেন্দ্রকে সাধারণ ভোটকেন্দ্র বলে চিহ্নিত করা হয়।

সিলেট : সিলেট জেলার ৬৯৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২৩টি ঝুঁকিপূর্ণ ও বাকি ৩৭৬টি সাধারণ ভোটকেন্দ্র। সিলেট-১ আসনসহ এ জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার ২২ লাখ ৫২ হাজার ২৯৪ জন।  সুনামগঞ্জ: জেলার ৬৬৮ ভোটকেন্দ্রের মধ্যে ৪১৬টি ঝুঁকিপূর্ণ ও ২৫২টি সাধারণ ভোটকেন্দ্র। এ জেলার ৫টি আসনের মোট ভোটার ১৬ লাখ ৪৬ হাজার ৭৭ জন। হবিগঞ্জ: জেলার ৬৩৩টি ভোটকেন্দ্রের ৪২১টি ঝুঁকিপূর্ণ ও ২১২টি সাধারণ ভোট কেন্দ্র। ৪টি আসনের এ জেলার মোট ভোটার ১৪ লাখ ২৫ হাজার ৫৬৪ জন। মৌলভীবাজার: জেলার ৫১২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ও বাকি ২৫৩টি ভোটকেন্দ্রকে সাধারণ ভোটকেন্দ্র বলে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।