বিমান বাহিনী নিজস্ব উদ্যোগে দুস্থদের মধ্যে ত্রাণ ও চিকিত্সকদের সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে। বিমান বাহিনীর একটি বেল-২১২ হেলিকপ্টারের মাধ্যমে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) চিকিত্সা সহায়কসামগ্রী ঢাকা থেকে খুলনায় নেওয়া হয়। সেগুলো খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে তা হস্তান্তর করা হয়।
এছাড়া দেশের বিভিন্ন স্থান জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ছিটানো, বিমান বাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের যানবাহনসমূহকে ডিসইনফেকশন করা, বিমান বাহিনীর সদস্যদের সুরক্ষার জন্য ডিসইনফেকশন পয়েন্ট পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, বিমান বাহিনী তাদের নিজস্ব এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করছে। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট এবং বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সেবামূলক কার্যক্রমের আওতায় মানবিক সহায়তা হিসেবে ঘাঁটি ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহের নিম্ন-আয়ের পরিবারসমূহের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও স্যানিটাইজার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
