ঠাকুরগাঁওয়ে লকডাউনের সুযোগ নিয়ে বাজারে লুটপাটের চেষ্টা, আটক ৪

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৯:১৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের মারপিট করে টাকা লুটের সময় চার যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলের দিকে উপজেলার লাহিড়ী হাটে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান। 

 

আটককৃতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলা শহরের রাহাত (১৯), সুমন (২৮), গ্রিনলাইনপাড়ার আবু সালেক (২৪) ও গোয়ালগারী গ্রামের সবুর (২২)। 

 

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি হাবিবুল হক প্রধান বলেন, জেলা প্রশাসনের বেঁধে দেয়া সময় বিকেল ৫টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। সে সময় অনুযায়ী লাহিড়ী হাটে ব্যবসায়ীরা দোকান করছিলেন। বিকেল তিনটার দিকে ৭/৮ টি মোটরসাইকেলে একদল যুবক লাহিড়ী হাটে প্রবেশ করে। তারা নিজেদের ডিবি পুলিশ দাবি করে ব্যবসায়ীদের দোকান বন্ধ করতে বলে। কিন্তু ব্যবসায়ীরা দোকান বন্ধ করতে না চাইলে ওই যুবকরা লাঠিসোটা দিয়ে হাটের ব্যবসায়ীদের বেধরক মারপিট শুরু করে। এতে ব্যবসায়ীরা দোকানপাট ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় ওই যুবকরা ব্যবসায়ীদের দোকানের ভেতরে রাখা টাকা লুট করে নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন রাহাত, সুমন, আবু সালেক ও সবুজ মিঞাকে আটক করে পুলিশে খবর দেয়। 

 

পরে ঘটনাস্থল থেকে ওই চারজন যুবককে আটক করে থানায় আনা হয়। এ দিকে ঘটনার পর ঘটনাস্থলে শত শত মানুষ ছুটে আসে। জনসমুদ্রে পরিণত হয় লাহিড়ীহাট। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

 

লাহিড়ীহাটের ব্যবসায়ী সাবুল ইসলামসহ বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, সাতটি মোটরসাইকেলে দুইজন করে ১৪জন যুবক লাঠিসোটা নিয়ে আকস্মিকভাবে বাজারে এসে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করে দোকান বন্ধ করতে। রাজি না হলে তারা ব্যবসায়ীদের বেধড়ক পেটায় এবং তারা অনেক ব্যবসায়ীর দোকানে থাকা টাকা লুট করে নিয়ে পালানোর সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয় এবং অন্যরা পালিয়ে যায়। 

 

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন  বলেন, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে শুনেছি ডিবি পুলিশ পরিচয়ে ১০ থেকে ১৪ জন যুবক ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করে দোকান বন্ধ করার জন্য। এতে ব্যবসায়ীরা রাজি না হলে ওই যুবকরা ব্যবসায়ীদের মারপিট করে টাকা লুট করে পালানোর সময় স্থানীয় লোকজন চারজনকে আটক করে পুলিশে দেয়।

 

তিনি বলেন, জেলা লক-ডাউন করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ না ছাড়ায় এজন্য আমি, পুলিশ ও সেনাবাহিনী নিয়মিত ব্যবসায়ীসহ সাধারণ মানুষদের সাথে ভাল আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, সেখানে এ ধরনের ঘটনা আসলেই দুঃখজনক। আটক যুবকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ইত্তেফাক/এএম