ঢাকা-১৯ আসন কড়া নিরাপত্তার চাদরে ঢাকা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:১৬

রাজধানীর পার্শ্ববর্তী ঢাকা-১৯ সর্বোচ্চ ভোটারের আসনটি কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকেই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের যৌথ মহড়া লক্ষ্য করা গেছে। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোষ্ট বসানো হয়েছে।

২৪৩টি ভোট কেন্দ্রের সব ধরনের নির্বাচনী মালামাল ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে পৌঁছে গেছে। আজ শনিবার সকাল ৮টা থেকে এসব মালামাল ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া নিরাপত্তার জন্য সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ রাসেল হাসান বলেন, ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে ভোট গ্রহণের সমস্ত মালামাল চলে এসেছে। আমরা সেগুলো কেন্দ্র অনুযায়ী বিভাজন করে রেখে দিয়েছি। শনিবার সকাল ৮টা থেকে এসব মালামাল বিতরণ করা হবে। সেগুলো নিয়ে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ রাতে ভোটকেন্দ্রে অবস্থান করবেন এবং ভোটের দিন তারা ভোট গ্রহণ সম্পন্ন করবেন।

নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, এরই মাঝে নির্বাচনী এলাকায় চার প্লাটুন বিজিবি এবং চার প্লাটুন সেনা মোতায়েন করা হয়েছে। তাদের পাশাপাশি র্যাবও টহল দিচ্ছে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নির্বাচনের দিন প্রতিটি ভোট কেন্দ্রে একজন পুলিশ কর্মকর্তার সাথে ১২ জন করে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে পুলিশ সদস্য এবং দুইজন আনসার সদস্য অস্ত্র বহন করবেন। এছাড়া ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে অবস্থান করবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ঢাকা-২, ঢাকা-১৪ ও ঢাকা-১৯ এ তিনটি সংসদীয় আসনের উপজেলা হচ্ছে সাভার। ফলে এ উপজেলাটির নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।