নারায়ণগঞ্জে চার এমপির প্রচারণায় ছিলেন স্ত্রীরাও

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ০০:১৭

নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে ৪টি আসনে এমপি পদে থাকা চারজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়িয়েছেন তাদের স্ত্রীরাও। স্বামীদের সঙ্গে তাল মিলিয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভা করেছেন তারা। স্বামীর পক্ষে নারী ভোটারদের দিয়েছেন নানা প্রতিশ্রুতি। কারণ জেলার ৫টি আসনে নারী ভোটার রয়েছেন ৯ লক্ষ ৯৬ হাজার ৮১৩ জন। তবে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমপি গোলাম দস্তগীর গাজীর স্ত্রী হাসিনা গাজী রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হওয়ায় প্রত্যক্ষভাবে নির্বাচনী মাঠে নামেননি। এছাড়া নির্বাচনে প্রার্থী বাকি ৪ এমপির স্ত্রীরা ছিলেন নির্বাচনী মাঠে। প্রতিদিনই স্বামীদের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে উঠান বৈঠক, গণসংযোগ, পথসভা করেছেন তারা। অনেক সময় আবার স্বামী স্ত্রীকে একই অনুষ্ঠানে একত্রে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করতে দেখা যায়।

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের আওয়ামী লীগ প্রার্থী এমপি নজরুল ইসলাম বাবুর স্ত্রী ডা. সায়মা আফরোজ ইভাকে স্বামীর পক্ষে বিভিন্ন সময়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে।

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব এমপি লিয়াকত হোসেন খোকার লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে উঠান বৈঠক করেছেন তার সহধর্মিণী ডালিয়া লিয়াকত।   

তফসিল ঘোষণার আগে থেকেই স্বামীর পক্ষে কাজ করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান। প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন, গেছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রচারণার শেষ দিন বৃহস্পতিবারও সিদ্ধিরগঞ্জে স্বামীর নৌকা প্রতীকের পক্ষে মিছিলে নেতৃত্ব দিয়েছেন তিনি।

স্বামীর সঙ্গে নির্বাচনী মাঠে ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মহাজোটের প্রার্থী একেএম সেলিম ওসমানের স্ত্রী নাসরিন ওসমান। বিভিন্ন জনসভা, উঠান বৈঠকে স্বামীর জন্য ভোট প্রার্থনা করেছেন।

অন্যদিকে, এমপিদের স্ত্রীদের পাশাপাশি নির্বাচনী মাঠে দেখা যায় অনেকের সন্তানকেও। বাবার জন্য বিভিন্নভাবে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানকে।